বাথরুমে মিলল বস্তাবন্দি যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক

মৌলভীবাজার সদর উপজেলার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ৭ জুলাই খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল আজীজ (৩০)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা এবং সামছুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণগ্রামের হাজী আব্দুস সোবহানের শুঁটকির আড়তে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে হাজী আব্দুস সোবহানের ভাই সুলেমান মিয়া (৪৫) আব্দুল আজীজকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষের দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজীজের মরদেহ দেখতে পান। তবে এর আগেই সুলেমান মিয়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুলের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
পরে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে সন্দেহভাজন সুলেমান মিয়াকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।"
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য