কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

কুষ্টিয়ার খোকসায় ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে অনন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পর পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের মধ্যে ১০-১৫ জনের অবস্থা গুরুতর।







