বন্ধ কারখানা পুনরায় চালু: ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, এই তহবিলের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর। এ সময় তিনি তহবিলের কাঠামো, ঋণের সুদহার ও অর্থায়নের খাতগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের আওতায় দেওয়া ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে গ্রাহকরা ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।
তিনি বলেন, ৬০ হাজার কোটি টাকার এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে ব্যাংকগুলো। বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু বন্ধ কলকারখানা চালুই নয়, কৃষি, তৈরি পোশাক শিল্প, সিএমএসএমই, পরিবেশবান্ধব শিল্প এবং সৃজনশীল অর্থনীতির খাতেও এই তহবিল থেকে ঋণ ও অর্থায়ন দেওয়া হবে। এর মাধ্যমে উৎপাদন বাড়ার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
সংবাদ সম্মেলনে দেশের ব্যাংক খাতের সংকট নিয়েও কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, “দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক–তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।”
ভিওডি বাংলা/এমএস







