‘ফাইল প্রকাশ করুন’, মীর শাহে আলমকে চ্যালেঞ্জ আসিফের

স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের সই ছাড়াই একটি ফাইল নিজে অনুমোদন দিয়েছেন, যা ‘রুলস অব প্রসিডিওর’ ও ‘রুলস অব বিজনেস’-এর পরিপন্থী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযুক্ত সাবেক উপদেষ্টার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।
অভিযোগের জবাবে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বক্তব্য দেন আসিফ মাহমুদ। প্রায় ২৪ মিনিটের লাইভে তিনি মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন প্রক্রিয়া ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “সচিবের স্বাক্ষর ছাড়া কোনো ফাইল উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে আসাই সম্ভব নয়। অনুমোদন দেওয়া তো আরও দূরের বিষয়। সচিব বিদেশে থাকলে সাধারণত অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেন এবং তার স্বাক্ষরেই ফাইল কার্যক্রম চলতে থাকে।”
আসিফ মাহমুদ আরও বলেন, “যে ফাইলের কথা বলা হচ্ছে, সেটি স্পষ্ট করে জনগণের সামনে উপস্থাপন করা হোক। যদি কোনো অনিয়ম করে থাকি, তাহলে আমাকে জবাবদিহির আওতায় আনা হোক।”
লাইভে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “যদি সৎ সাহস থাকে, তাহলে রোববারের মধ্যে সেই ফাইল জনগণের সামনে প্রকাশ করুন।”
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকতে পারে।
এদিকে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন সংস্থাগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে সরকার যে সাত সদস্যের কমিটি গঠন করেছে, সেটি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
ভিওডি বাংলা/আ







