টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

টানা বৃষ্টির কারণে ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে। মেগাসিটি ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৯টায় আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭টি শহরের তালিকায় ঢাকা ১৮তম অবস্থানে রয়েছে। শহরটির বায়ুর মান এখন ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
দূষণের এই তালিকায় ২১৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭২। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৩৯। এছাড়া ১৩৯ ও ১১৮ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কঙ্গোর রাজধানী কিনশাসা ও ভারতের কলকাতা।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
এদিকে, বৃষ্টির পাশাপাশি ঈদের ছুটির কারণে ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকায় বায়ুর মানে এ উন্নতি দেখা গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ সময় রাজধানীতে যানবাহন ও নির্মাণকাজ কমে যাওয়ায় বায়ুদূষণের মাত্রা তাৎক্ষণিকভাবে কমে এসেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে ধুলাবালিও কমে গেছে, যার ফলে মেগাসিটি ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে।
ভিওডি বাংলা/এসআর






