আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার ফল: এবি পার্টি

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বুধবার (২৭ মে) এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটি আধুনিক হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয়টি নবজাতকের মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়। এটি চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং স্বাস্থ্যখাতের ভয়াবহ দুর্বলতার নির্মম প্রতিচ্ছবি।
নবজাতকদের স্বজনদের বরাতে তারা বলেন, শিশুদের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে দায়িত্বরত নার্সদের ডেকেও পাওয়া যায়নি। অনেক দেরিতে শিশুদের আইসিইউতে নেওয়া হয়, এমনকি কয়েকজন শিশুকে মৃত্যুর পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ধরনের পরিস্থিতি একটি হাসপাতালের সেবাব্যবস্থার ভয়াবহ ব্যর্থতাকেই সামনে নিয়ে আসে।
বিবৃতিতে আরও বলা হয়, যে শিশুদের পৃথিবীতে আগমনের মুহূর্তটি আনন্দ, নিরাপত্তা ও আশার প্রতীক হওয়ার কথা ছিল, সেই মুহূর্তেই অবহেলা, অদক্ষতা ও ব্যবস্থাপনার কারণে তাদের প্রাণ ঝরে গেল। এটি পুরো জাতির জন্য গভীর বেদনা ও লজ্জার বিষয়।
এবি পার্টির এই দুই নেতা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে যে সংশ্লিষ্ট ওয়ার্ডে ন্যূনতম নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়নি। একটি কক্ষে এসি বিকল হয়ে গেলে যদি বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে, তাহলে সেটি কীভাবে রোগীসেবার জন্য চালু রাখা হয়েছিল?
তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, জবাবদিহিতার অভাব, বাণিজ্যিক মানসিকতা এবং দুর্নীতির কারণে গভীর সংকটে নিমজ্জিত। সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতিনিয়ত অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হচ্ছেন। নবজাতকদের এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাষ্ট্রীয় অবহেলা ও ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার নির্মম বহিঃপ্রকাশ।
বিবৃতিতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সকল হাসপাতালের নিবিড় পরিচর্যা ও পোস্টডেলিভারি ইউনিটের নিরাপত্তা ও ভেন্টিলেশন ব্যবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনার দাবি জানায় এবি পার্টি।
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, কোনো ভাষাই এই শোকের ভার লাঘব করতে পারবে না। আমরা চলে যাওয়া নবজাতকদের পরিবারের পাশে আছি এবং তাদের এই শোকে আমরাও সমানভাবে শোকাহত।
ভিওডি বাংলা/এফএ







