গণতন্ত্র ফিরেছে, সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেছেন, এই পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে আজ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে— এটাই আমাদের প্রত্যাশা।
বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এর ফলে দেশের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ ছিল, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।
আন্তর্জাতিক প্রসঙ্গে স্পিকার বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা নির্যাতন ও চাপে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
ভিওডি বাংলা/এফএ






