বর্জ্য দেখলেই সিটি করপোরেশনকে জানান, ১ ঘণ্টায় অপসারণ: ডিএসসিসি প্রশাসক

কোথাও কোরবানির কোনো বর্জ্য চোখে পড়লে সিটি করপোরেশনের হটলাইনে জানালে এক ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ নিয়ে রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডিএসসিসি প্রমাসক বলেন, ‘ঈদের দিন থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছি। এখনো কাজ চলছে।’
কোরবানির বর্জ্য শতভাগ পরিস্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘হঠাৎ কোথাও বর্জ্য দেখা গেলে সেটিও পরিষ্কার করা হবে।’
কোরবানির হাটে যেসব ইজারাদাররা অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আবদুস সালাম। তিনি বলেন, ‘তাদের জরিমানা বা জামানত বাজেয়াপ্ত করা হতে পারে।’
বর্জ্য অপসারণে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে স্বীকার করে ডিএসসি প্রশাসক বলেন, ‘ভবিষ্যতে যাতে সেটিও না হয় সে লক্ষ্যে কাজ চলছে।’
রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে এখন থেকে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান আবদুস সালাম।
ভিওডি বাংলা/বিন্দু







