• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লিবিয়ার আটক শিবির থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ১০:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা আটক শিবির থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

সোমবার (১ জুন) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে রোববার (৩১ মে) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তাদের প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করে।

প্রত্যাবাসনের আগে রাষ্ট্রদূত অভিবাসীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা লিবিয়ায় মানবপাচারের শিকার হওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন।

ফেরত আসা অভিবাসীরা জানান, দালালচক্রের প্রলোভনে পড়ে সাগরপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে তারা মানবপাচারকারী ও অপরাধী চক্রের হাতে জিম্মি হন। অনেককে মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কেউ কেউ পরিবারের জমিজমা বিক্রি করে নিঃস্ব হওয়ার কথাও জানান।

তারা আরও বলেন, দীর্ঘদিন আটক শিবিরে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। ভবিষ্যতে আর কখনো এমন ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না বলেও অঙ্গীকার করেন তারা।

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ এলাকায় মানবপাচার, নির্যাতন এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতির কথা অন্যদের কাছে তুলে ধরার অনুরোধ করেন, যাতে কেউ দালালচক্রের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত না নেন।

তিনি বলেন, অনিয়মিত অভিবাসন ব্যক্তি ও পরিবারের আর্থিক-সামাজিক ক্ষতির পাশাপাশি দেশের জন্যও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব তৈরি করে। এ কারণে বৈধ ও নিরাপদ অভিবাসনের পথ অনুসরণ, সরকারি অনুমোদিত প্রক্রিয়া মেনে চলা এবং দালালচক্র থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

এদিকে চলতি মাসে আরও তিনটি ফ্লাইটে গানফুদা ও তাজুরা আটক শিবির থেকে ৫১৪ বাংলাদেশিকে দেশে ফেরাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

মানবপাচারের শিকার এসব অভিবাসীর দাবি, বিমানবন্দরভিত্তিক চুক্তিভিত্তিক চাকরি ও ওমরাহ ভিসার আড়ালে ইউরোপে পাঠানোর অপতৎপরতা বন্ধ না হলে আরও অনেক মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনে সাংবাদিক মারধর প্রসঙ্গ কৌশলে এড়ালেন তথ্যমন্ত্রী
আদ্-দ্বীনে সাংবাদিক মারধর প্রসঙ্গ কৌশলে এড়ালেন তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন চলছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন চলছে
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর