শিশু রামিসার বাবাকে হাসপাতালে দেখতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

চিকিৎসাধীন অবস্থায় নৃশংসভাবে নিহত শিশু রামিসার বাবা হান্নান মোল্লাকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলাম। আকস্মিক শারীরিক অসুস্থতায় তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদরোগজনিত সমস্যা সন্দেহে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করে অধ্যাপক ডাঃ তৌফিক রহমান ফারুক-এর অধীনে পর্যবেক্ষণে রাখা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলাম দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও অধ্যাপক ডাঃ তৌফিক রহমান ফারুকের কাছ থেকে তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক সঙ্গেও কথা বলেন এবং রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তার শরীরে পটাশিয়ামের ঘাটতি পাওয়া গেছে। এছাড়া তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহে (ভাইরাল পেরিকার্ডাইটিস) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে হান্নান মোল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, তার পূর্ণাঙ্গ পরিস্থিতি জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভিওডি বাংলা/এমএস







