• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রদলের সাবেক সভাপতিকে এসএসএফের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত ৩০ মে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জিয়াউর রহমানের মাজার এলাকায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী এসএসএফ ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খায় বলে একটি ভিডিওতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সালাম জানাতে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএসএফের সদস্যরা উপস্থিত নেতাকর্মীদের সরিয়ে দিতে চেষ্টা করেন। এ সময় এক এসএসএফ কর্মকর্তা ধাক্কা দিয়ে ভিড় সরানোর চেষ্টা করলে তা গিয়ে পড়ে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের ওপর। ঘটনাটিতে তাকে কিছুটা বিব্রত অবস্থায় দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সোমবার (১ জুন) দুপুরে নিজের ফেসবুক ওয়ালে ব্যাখ্যা দেন জুয়েল।

তিনি লেখেন, এই পরিস্থিতি নিয়ে ভিড়ের বিষয়টি আগে থেকেই বিবেচনায় নেওয়া উচিত ছিল। একই সঙ্গে এসএসএফ তাদের দায়িত্ব পালনের অংশ হিসেবেই ভিড় নিয়ন্ত্রণ করেছে বলেও তিনি স্বীকার করেন এবং পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করে জুয়েল আরও লেখেন, এই ভিডিওটি অনেকেই দেখেছেন অনেকেই পোস্ট ও শেয়ার করেছে তাই লিখলাম পরিস্থিতি বুঝাতে। এখানে কর্তব্যরত এসএসএফ ক্রাউড হ্যান্ডেল করার জন্য পুশ করে নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে। এটা স্বাভাবিক। না হলে সরানো কষ্টকর হতো। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ছালাম দেওয়ার জন্য উত্থানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম। আমার মতো আরো অনেকেই দাঁড়িয়ে ছিল। মাননীয় চেয়ারম্যান সাহেবের গাড়ি কাছাকাছি আসলে আমার মতো অনেকেই ছালাম দেওয়ায় চেষ্টা করে এতে ভিড় হয়ে যায়।

তিনি আরও লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহর পার করতে এসএসএফ সঠিক কাজটিই করেছে। না চেনার কারণে এবং সিকিউরিটি রিজনে ভিড়ের মধ্যে আমার গায়েও ধাক্কা লাগে। ভিড়ের মধ্যে পায়ের চাপে আমার ডান পায়ের আঙুল খানিকটা থেতলেও যায়। পায়ের জুতাও হারিয়ে যায়। যদিও সহযোদ্ধাদের সহযোগিতায় জুতা উদ্ধার করেছি। সর্বোপরি প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবার আগে। এতে এসএসএফ যেভাবে ভালো মনে করে সেভাবেই করবে। এটাই টপ প্রাইওরিটি।’

জুয়েল আরও জানান, দলীয় শীর্ষ নেতাদের অনুসরণ করে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং অতীতেও বিভিন্ন কর্মসূচিতে একইভাবে অংশ নিয়েছেন।

তিনি লেখেন, আমি জীবনে বহুবার সৈনিকের মতো উনাকে অনুসরণ করেছি তাই বলতে পারি দলের কর্মীরা কখনো সিকিউরিটি জন্য থ্রেট না হলেও ভিড়ের মধ্যে আমাদের আরো সতর্কতার সহিত গাড়ির কাছে যাওয়া উচিত ছিল। আমি সত্যিই লজ্জিত। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেচে ছিলেন একইভাবে উনাকেও সালাম দেওয়ায় জন্য অনুসরণ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছি গাড়ির পাশে হেঁটেছি মাইলের পর মাইল।

তিনি আরও বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মটরসাইকেল নিয়ে সামনে থেকে ম্যাডামের গাড়ি স্কর্ট করেছি ঢাকা মহানগরের সকল স্থানে। আশেপাশের জেলায়ও যখন উনি যেতেন একই ভাবে অনুসরণ করেছি কর্মীর আবেগ দিয়ে। কর্মী হিসেবে যত কঠিন সময়ই হোক পথ চলা থেমে যায়নি। আরো অনেকেই মাইলের পর মাইল উনাদের অনুসরণ করেছে বুক চিতিয়ে।’’

এদিকে একই কর্মসূচিতে পরে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় তার প্রটোকল টিমের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত নেতার নাম আব্দুর রহিম ভুঁইয়া, যিনি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমান গেলে ছাত্রদলের বিপুল নেতাকর্মীর ভিড়ের মধ্যে এসএসএফ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কির আরেকটি ঘটনাও ঘটে, যা নিয়ে তখনও ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। ওই ঘটনার পর ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান বিষয়টিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে নিজের ফেসবুকে ব্যাখ্যা দেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু রামিসার বাবাকে হাসপাতালে দেখতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
শিশু রামিসার বাবাকে হাসপাতালে দেখতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ইসলামী আন্দোলনের ক্ষোভ, সামর্থ্য বিবেচনার আহ্বান
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ইসলামী আন্দোলনের ক্ষোভ, সামর্থ্য বিবেচনার আহ্বান