ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রী উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মঙ্গলবার (২ জুন) ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন বাস টার্মিনাল ও নৌঘাটে ঘরমুখো মানুষের উল্টো স্রোত দেখা যায়।
ঈদের আগে বাড়ি ফেরার সময় দীর্ঘ যানজট, টিকিট সংকট ও নানা ভোগান্তির অভিযোগ থাকলেও ফিরতি যাত্রায় তুলনামূলক স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী। সময়মতো ট্রেন চলাচল এবং যাত্রাপথে বড় ধরনের কোনো জটিলতা না থাকায় অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।
সকালের দিকে কমলাপুর রেলস্টেশনে দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের ব্যস্ত পদচারণা। কারও হাতে ভ্রমণের ব্যাগ, কারও কাঁধে লাগেজ। দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মজীবনে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত সবাই।
রেলস্টেশন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা অধিকাংশ ট্রেন প্রায় পূর্ণ যাত্রী নিয়েই ঢাকায় পৌঁছেছে। অনেক ক্ষেত্রে আসনসংখ্যা পূর্ণ হওয়ার পরও দাঁড়িয়ে যাত্রা করেছেন যাত্রীরা।
ঢাকায় ফেরা যাত্রীদের অনেকেই জানিয়েছেন, এবারের ফিরতি যাত্রা আগের বছরের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ছিল।
এক যাত্রী বলেন, যাওয়ার সময়ের তুলনায় ফেরার পথে কোনো বড় ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়নি। ট্রেন নির্ধারিত সময়েই চলেছে এবং যাত্রাও ছিল আরামদায়ক।
জামালপুর থেকে ফেরা সোহেল মিয়া বলেন, দীর্ঘ পথ পাড়ি দিলেও এবার যাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। ঈদের আগে যে অতিরিক্ত চাপ দেখা গিয়েছিল, ফেরার পথে তার প্রভাব অনেক কম ছিল।
আরেক যাত্রী জানান, ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়েছে এবং গন্তব্যেও সময়মতো পৌঁছেছে। ফলে পুরো যাত্রা নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন।
তবে সব যাত্রা যে পুরোপুরি নির্বিঘ্ন ছিল, তা নয়। কয়েকটি রুটের ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ঢাকায় পৌঁছেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বিশেষ করে নোয়াখালী, জামালপুর ও চট্টগ্রামমুখী কিছু ট্রেনে সময়সূচির ব্যত্যয় ঘটেছে। এতে কয়েক ঘণ্টা অতিরিক্ত সময় ট্রেনেই কাটাতে হয়েছে কিছু যাত্রীকে।
ফিরতি যাত্রার মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালী থেকে ঢাকায় ফেরা এক নারী যাত্রী জানান, যাত্রাপথে তার গলার স্বর্ণের চেইন হারিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা বিষয়টি খতিয়ে দেখলেও হারানো চেইন উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ঈদযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন যাত্রী।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটির পর রাজধানীতে ফেরার চাপ এখনও অব্যাহত রয়েছে। অধিকাংশ যাত্রী আগেভাগেই টিকিট সংগ্রহ করায় স্টেশনে অতিরিক্ত বিশৃঙ্খলা তৈরি হয়নি। তবে ছুটির আমেজ শেষ হওয়ায় আগামী কয়েকদিন ঢাকামুখী যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি থাকতে পারে।
তাদের মতে, সার্বিকভাবে এবারের ফিরতি ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হচ্ছে। ফলে রাজধানীতে ফেরা যাত্রীদের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।
ভিওডি বাংলা/জা







