• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ০৫:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাব না পেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ পদক্ষেপকে বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) দুপুরে তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্যুবরণকারী এক নবজাতকের বাবা হাবিবুর রহমানও। তিনি ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘একজনের দোষের জন্য পুরো হাসপাতাল বন্ধ হয়ে যাক তা আমরা চাই না।’

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত সব পরিবারের সদস্যদের আজীবন চিকিৎসা সুবিধা, কর্মসংস্থান এবং আর্থিকসহ বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে।

শিশির মনির আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের বিরুদ্ধে আইনগতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘যে ওয়ার্ডে নবজাতক মারা গেছে, সেখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কী পরিমাণ ছিল, কী ধরনের অবহেলা ছিল সেটির সুস্পষ্ট তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে নেই। কিন্তু নিবন্ধন বাতিলের মতো সুস্পষ্ট প্রমাণে ঘাটতি আছে বলে আমরা মনে করি।’

তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের বিনামূল্যে চিকিৎসা ও চাকরিসহ পরিবারের সদস্যদের আজীবন বিভিন্ন ক্ষতিপূরণ দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে পেশাদারিত্বের অবহেলার কারণে অন্তত তিনজনকে সামায়িক বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রসব-পরবর্তী ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

ওই দিন ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক শিশুর স্বজনের অভিযোগের ভিত্তিতে রমনা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআইয়ের নকশায় প্রথমবার তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা
এআইয়ের নকশায় প্রথমবার তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী