শেরপুরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ঠেকানো হলো পুশইন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশইনের প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১১১৮-এর কাছাকাছি এলাকায়, ভারতীয় অংশে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে তথ্য পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে।
বিজিবির ধারণা, কাটাতারবিহীন সীমান্ত এলাকা ব্যবহার করে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল। তবে বিজিবির তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ৩৯ বিজিবির অধীন বিভিন্ন বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে জনসচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সম্ভাব্য দালাল চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আ







