তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি মালগাড়ির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া তেলবাহী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে এর পেছনের তিনটি ট্যাংকার হঠাৎ লাইনচ্যুত হয়। এতে মোট নয়টি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়। দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, ট্যাংকারগুলো লাইনচ্যুত হওয়ার কারণে খুলনা থেকে রাজশাহী ও উত্তরবঙ্গমুখী রেলপথে চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল চলাচল পুনরুদ্ধারের কাজ শুরু হবে।
দুর্ঘটনার কারণে এ রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। ফলে যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ মে একই এলাকার রেলপথে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে পুনরায় এমন দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ভিওডি বাংলা/জা







