ফরিদপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত সুলতান শেখ।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রাজিব শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মাদকের বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ কারণে “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আওতায় র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এমএস







