কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ ইলিয়াস কাঞ্চন এখনও যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও এখন পর্যন্ত শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানা গেছে।
সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন ধরে অভিনয়প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মনে একটাই প্রশ্ন-কেমন আছেন প্রিয় এই অভিনেতা?
এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য দিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনও আগের তুলনায় খুব বেশি পরিবর্তিত হয়নি। চিকিৎসার অংশ হিসেবে একাধিক ধাপে থেরাপি দেওয়া হয়েছে এবং বর্তমানে আরও একটি ধাপ চলমান রয়েছে।
লিটন এরশাদের ভাষ্য, “কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতো রয়েছে। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে, এখনও আরেক ধাপের থেরাপি চলছে। এটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।”
তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন এখন সীমিত পরিসরে কথা বলতে পারছেন। তবে কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। চিকিৎসার চলমান ধাপ শেষ হলে তার শারীরিক অগ্রগতি সম্পর্কে চিকিৎসকরা আরও স্পষ্ট ধারণা দিতে পারবেন।
বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন এই বরেণ্য অভিনেতা। পরিবারের তত্ত্বাবধানে সেখানেই তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলছে।
জানা যায়, দেশে প্রথম ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে তার চিকিৎসা শুরু হয়। প্রায় তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা মূল্যায়নের পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে পরিচালিত ওই অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, টিউমারটির সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব নয়। কারণ পুরো টিউমার সরাতে গেলে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এ কারণে কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







