• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৫:০৫ পি.এম.
পিরোজপুরের মঠবাড়িয়ার দেবীপুর এলাকায় বেইলি সেতু ভেঙে খালে পড়ে থাকা আলুবোঝাই ট্রাক। ছবি: ভিওডি বাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর এলাকায় একটি বেইলি সেতু ধসে আলুবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় আঞ্চলিক সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। দুর্ঘটনার পর মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের অন্তত ১০টি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে সাফা বন্দর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ জানিয়েছে, অতিরিক্ত ওজন বহনকারী একটি ট্রাক সেতু অতিক্রম করার সময় মাঝখানের অংশ ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাস্থলের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নতুন স্থায়ী সেতু নির্মাণকাজ চলমান রয়েছে। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে পুরনো বেইলি সেতুটি ব্যবহার করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে।

সেতু ভেঙে যাওয়ার ফলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। দূরপাল্লার বাস, পণ্যবাহী যান, মোটরসাইকেল, অটোরিকশা ও স্থানীয় পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা সুমন বেপারী বলেন, সেতু ধসে যাওয়ার কারণে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীদের যানবাহন থেকে নেমে খেয়া নৌকায় খাল পার হতে হচ্ছে। পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এমনকি রোগী পরিবহনের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এ মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক ছোট ও মাঝারি যানবাহন চলাচল করে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের দূরপাল্লার পরিবহনও এ সড়ক ব্যবহার করে থাকে। ফলে সেতু ধসের প্রভাব বিস্তৃত এলাকায় পড়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, বেইলি সেতুটির সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণ আলু বহন করা হচ্ছিল। অতিরিক্ত ওজনের কারণেই সেতুটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. রাসেল। তিনি বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকের চাপেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে ধসে গেছে। এতে আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে বিকল্প পারাপারের ব্যবস্থা এবং সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলমান স্থায়ী সেতুর নির্মাণকাজও ত্বরান্বিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
ভেদরগঞ্জে রাসেল ভাইপারের ছোবলে যুবদল নেতার মৃত্যু
ভেদরগঞ্জে রাসেল ভাইপারের ছোবলে যুবদল নেতার মৃত্যু
রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স
ঐতিহ্যবাহী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স