বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে মার্কোস সেনেসিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন সেনেসি। আগামী ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে খুব অল্প সময়ের মধ্যেই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে এই ডিফেন্ডারকে।
ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন সেনেসি। সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে প্রাথমিক ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। বালের্দির চোটের পর শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। সে সময় ইতালির পক্ষ থেকেও জাতীয় দলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি জন্মভূমি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।
এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয় সেনেসির। পরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচ খেলেন। সবশেষ মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও মাঠে নামেন তিনি।
সেনেসিকে দলে নেওয়ার ফলে নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে আরও একটি নির্ভরযোগ্য বিকল্প পেল আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরিতে ছিটকে যাওয়া বালের্দির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন সেনেসি।
ভিওডি বাংলা/আ







