ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের জরুরি কাজে ইজিবাইকে করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরসভার বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ইজিবাইকে থাকা আবু তাহেরসহ তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/জা







