সোসাইটি অব প্লাস্টিক সার্জনস
ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত

বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনদের সংগঠন ‘সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ’ এর নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
শনিবার (১৩ জুন) বার্ণ ইনস্টিটিউটের কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নাসির-আনোয়ার-ইমরান পরিষদের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. ইমরান চৌধুরী ১০০ ভোট এবং যুগ্ম সম্পাদক পদে ডা. মোস্তাফা আমিন খান ১৩০ ভোট পেয়ে জয়লাভ করেন। সাংগঠনিক সম্পাদক পদে ডা. অভিজিত সরকার নির্বাচিত হয়েছেন ৯৬ ভোট পেয়ে এবং দপ্তর সম্পাদক পদে ডা. শাওন বিন রহমান ১১১ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া, সহ-সভাপতি পদে ডা. সালেক বিন ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে ডা. ইকবাল আহমেদ ও ডা. মো. মিসকাতুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ভোটার সংখ্যা ১৯১ জন, যার মধ্যে ১৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সোসাইটির পেশাগত উৎকর্ষ, সদস্যদের কল্যাণ এবং দেশের প্লাস্টিক সার্জারি সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের নেতৃত্বে সোসাইটি নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
ভিওডি বাংলা/আরআর/আ







