‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষকদের অবদানের স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) রাজধানীর কেআইবি মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় ও ইতিবাচক খাত হচ্ছে কৃষি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য এলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
তিনি কৃষকদের নিরলস পরিশ্রম ও অবদানের প্রশংসা করে বলেন, কৃষকদের সম্মান ও প্রণোদনা বৃদ্ধি করা সময়ের দাবি। এ লক্ষ্যেই জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
নিজের পারিবারিক পটভূমির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং কৃষকদের জীবনসংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কৃষি খাত নিয়ে সরাসরি কাজ করার সুযোগও তার হয়েছিল।
ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশে তিনি বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষক কল্যাণ ও গ্রামীণ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, স্বল্প বেতনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের নিজ নিজ জেলায় পদায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে তারা আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের মর্যাদা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ভিওডি বাংলা/আ







