• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৯:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে দেশের উন্নয়ন ও শিল্পায়নে কাজে লাগানোর উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৩ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত ‘আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা মেধা, প্রজ্ঞা, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তবে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলীর বিদেশে স্থায়ী হয়ে যাওয়ার প্রবণতা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দেশের উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির স্বার্থে এসব দক্ষ জনশক্তিকে দেশে ধরে রাখা প্রয়োজন।

তিনি বলেন, সরকার কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনবান্ধব কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা অগ্রাধিকার পেয়েছে।

প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের ভেতরে থেকেই নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। সরকার এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রকৌশলীরা তাদের সৃজনশীলতা ও মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।

তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়-সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের করের অর্থে পরিচালিত প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। প্রকৌশলীদের ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশেষ করে ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা, নিরাপত্তা ও পরিবেশগত বিষয় নিশ্চিত করতে তাদের ভূমিকা প্রশংসনীয়।

আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. সাব্বির মোস্তফা খান, জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং কো-আহ্বায়ক প্রকৌশলী সাবির আহমেদ ওসমানী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, ‘আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর মাধ্যমে তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের প্রকৌশল খাতের উন্নয়ন ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন
দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের