মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়তে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৪ জুন) বিকালে রাজধানীর শান্তিনগরে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, কিছু এলাকায় মাদক ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয় ব্যবসায়ী, যুবক ও সচেতন নাগরিকদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বড় ব্যবসায়ী ও মার্কেট মালিকদের নিজ উদ্যোগে ক্যামেরা স্থাপন করা উচিত। প্রয়োজনে সিটি করপোরেশনও এ বিষয়ে সহযোগিতা করবে।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, শান্তিনগর-পল্টন একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ এলাকা। এ এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ফ্লাইওভারের নিচের অপরিচ্ছন্ন স্থানগুলোকে পরিকল্পিতভাবে ব্যবহার করে পার্কিং বা জনকল্যাণমূলক কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, দোকান ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। রাস্তায় আবর্জনা ফেলা যাবে না। বাড়ির ছাদ, ড্রেন ও আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে মশার বিস্তার রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদেরও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। যারা পরিবেশ নোংরা করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির প্রভাব মোকাবিলায় নগরজুড়ে সবুজায়নের বিকল্প নেই।
বক্তব্যে বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য দোয়া চান আবদুস সালাম। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা ও দেশের কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।
সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো আন্তর্জাতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান হওয়া উচিত।
মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, এসব অপকর্মে জড়িতদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
ভিওডি বাংলা/জা







