বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় বিআরটি প্রকল্পের বর্তমান অবস্থা, পরিচালন কাঠামো, যাত্রীসেবা, স্টেশন ব্যবস্থাপনা এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বিশেষজ্ঞদের আলোচনায় বিআরটির নকশা, সেবা মান উন্নয়ন, পরিচালন দক্ষতা এবং যাত্রীবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
ভিওডি বাংলা/আ






