বেনজীরকে গ্রেপ্তারের কৃতিত্ব সরকারের নয়, ইন্টারপোলের: জামায়াত আমির

দুবাইয়ে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের কোনো কৃতিত্ব বর্তমান সরকারের নয়, এটি ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বেনজীরের বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করেনি। তবে তার এই গ্রেপ্তার হওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। বেনজীর দুবাইয়ের কারাগারেই থাকবেন নাকি তাকে দেশে ফিরিয়ে আনা হবে, তা সম্পূর্ণভাবে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত ১২ জুন ইন্টারপোল একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বেনজীরের গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সেই সম্পদের তথ্য গোপন করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু







