ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (১৫ জুন) মাধবপুর উপজেলার বাখরনগর এলাকা থেকে শায়েস্তাগঞ্জের অলিপুর গেইট পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার করে মোট ১০ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক পরিবহনকারী যানবাহনের চাপ এবং চলমান ছয় লেন সড়ক নির্মাণকাজের কারণে মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে।
যানজটে আটকে থাকা যাত্রী শাহিনা আক্তার বলেন, সকাল থেকে সড়কে অবস্থান করছেন তিনি। ছোট শিশু নিয়ে বাসে দীর্ঘ সময় আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
বিদেশগামী যাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, রাতে তার ফ্লাইট রয়েছে। কিন্তু যানজটের কারণে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
ঢাকাগামী বাসচালক আব্দুল মালেক জানান, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতেই কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। সড়ক নির্মাণকাজ ও শিল্পাঞ্চলের যানবাহনের চাপ একসঙ্গে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, অলিপুর শিল্পাঞ্চলের শ্রমিকবাহী যানবাহনের অতিরিক্ত চাপ এবং চলমান ছয় লেন সড়ক নির্মাণকাজের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
এদিকে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকে থাকা যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি, নারী, শিশু এবং জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে যানজট নিরসনের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/আ







