যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যাত্রাবাড়ী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ দখল ও ব্যবসা পরিচালনার অভিযোগে ৫টি মামলা করা হয় এবং মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫টি মামলা করা হয় এবং ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/খতিব/এফএ







