ম্যাচ ফিক্সিং অভিযোগে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে নেই ওয়াহি

ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তদন্তের জটিলতায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট। কানাডায় প্রবেশের প্রশাসনিক অনুমতি না পাওয়ায় জার্মানির বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তরুণ ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াহিকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত থাকলেও তার বিরুদ্ধে এখনো কোনো বিচারিক বা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ফেডারেশন জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতে তারা খেলোয়াড়টির পাশে রয়েছে এবং তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে।
এফআইএফ আরও জানায়, কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে হচ্ছে ওয়াহিকে। ফলে তিনি দলের সঙ্গে কানাডার টরন্টোতে যোগ দিতে পারছেন না।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড তার সাবেক ক্লাব ওজিসি নিসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিং–সংক্রান্ত তদন্তের মুখে পড়েন।
অভিযোগ রয়েছে, একটি ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখে সন্দেহজনক বেটিং পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি। বিশ্বকাপ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে এ ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তবে এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।
বিশ্বকাপে আইভরি কোস্টের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের জয়ে দলে ছিলেন ওয়াহি। তবে ২১ জুন ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উল্লেখ্য, পরবর্তীতে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানায়, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমোদন শেষ পর্যন্ত পাওয়া গেছে এবং ওয়াহি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
ভিওডি বাংলা/এমএস/আ







