• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০৫:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে মাঠে দেখা যাবে না দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া অব্যাহত রাখতে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না। ৩৪ বছর বয়সী এই ফুটবলার নিউ জার্সিতেই অবস্থান করবেন। সেখানে আধুনিক পুনর্বাসন ও অনুশীলন সুবিধার মধ্য দিয়ে তার শেষ ধাপের পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন হবে।

গত মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু মাংসপেশির চোট পান নেইমার। এ কারণে বিশ্বকাপ প্রস্তুতির বড় একটি অংশ মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তবুও অভিজ্ঞতা ও নেতৃত্বের কথা বিবেচনায় নিয়ে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার প্রথমবারের মতো বিশ্বকাপ চলাকালে সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায় নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে কিছু সময় অনুশীলন করেন তিনি। তবে অল্প সময় পরই ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান।

ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার। সে কারণে শুধু হাইতির বিপক্ষে নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।

চোটের কারণে গত কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর গুরুতর চোটে পড়েন তিনি। এরপর দীর্ঘ পুনর্বাসন ও বিশ্রামের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটিয়েছেন এই তারকা ফুটবলার।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ হলেও কোচ আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। নকআউট পর্বে দলের অন্যতম ভরসার প্রতীক হিসেবে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পেতে চায় ব্রাজিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!