আগের সরকারের অব্যবস্থাপনায় টিকার সংকট: জিয়াউদ্দিন

পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই দেশের টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (২১ জুন) সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সংকটের কারণ সরকারের কাছে স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই।
তিনি জানান, পূর্ববর্তী সরকারের গাফিলতির কারণে ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সময়মতো টিকা ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, অপারেশনাল প্ল্যান (ওপি) পদ্ধতি বাতিল করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তের ফলে অর্থপ্রবাহ ব্যাহত হয় এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা তৈরি হয়। দ্রুত অনুমোদনের আশায় ওপি পদ্ধতি বাদ দেওয়া হলেও বাস্তবে অনেক ডিপিপির প্রস্তুতি, কারিগরি অনুমোদন এবং প্রকল্প কার্যালয় গঠনের কাজ দীর্ঘ সময় ধরে সম্পন্ন হয়নি।
এর ফলে পুরোনো অর্থায়ন বন্ধ হয়ে গেলেও নতুন অর্থায়ন কার্যকর না হওয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর সরবরাহে সংকট দেখা দেয়। যার ভোগান্তি এখনো দেশের মানুষকে পোহাতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সংকট নিরসনে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে সফর করছেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের বিষয়ে আলোচনা করা হবে, যাতে দ্রুত ঘাটতি পূরণ করা যায়।
ভিওডি বাংলা/আ







