প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে বিজিবির বৃক্ষরোপণ

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্য সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় সাড়ে ৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ জীবতলা এলাকায় একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান (বিজিওএম)।
মারিশ্যা জোনের আওতাধীন সাজেক পর্যটন এলাকা, তালছড়িপাড়া, ওল্ডলংকরপাড়া, উদয়পুর চাকমাপাড়া, হালিমপুরপাড়া, পানছড়িপাড়া, শীলছাড়পাড়া, খাগড়াছড়িপাড়া, নলকাটাছড়াপাড়া, লম্বাছড়া, ছোট কংলাক, থলছড়াপাড়া, কমলাপাড়া, ভূইয়াছড়াপাড়া ও মাস্টারপাড়াসহ বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে মেজর অমিত কুমার সাহা, ভারপ্রাপ্ত অপস অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মেজর এম শাহিনুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতের অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা গাছ রোপণ করব, তার যতœ নেব এবং তার পরিচর্যা করব। কারণ এই সবুজ বাংলাদেশই আমাদের কাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ’।
বিজিবি সূত্র জানায়, বিজিবি সদর দপ্তর ও ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের উদ্যোগে ১ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এ কর্মসূচিকে সফল করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের অধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-কে প্রথম ধাপে ৭ হাজার ফলদ গাছের চারা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব চারার মধ্যে রয়েছে লটকন, সুপারি, জাম, বেল, লেবু, জলপাই, কাঠজাম ও কাঁঠাল।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য