পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে আগের সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সেসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও মানবিক হতে হবে। শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত হলে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। তাই সদস্যদের যেকোনো যৌক্তিক সমস্যা দ্রুত সমাধানে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন ও সরকার ফরহাদ আহমেদসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা, ট্রাফিক বিভাগ, ফাঁড়ি, কোর্ট পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য