শারীরিক জটিলতায় এভারকেয়ারে বিএনপি নেতা রফিকুল ইসলাম

বিএনপি-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে শুভকামনা জানান।
এ সময় তিনি বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য