২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮০

দেশে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১৭৭ জন রোগী।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। বিভাগটির সিটি করপোরেশন এলাকার বাইরে ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৬ জন রোগী ভর্তি হয়েছেন।
চট্টগ্রাম বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা ২৪ জন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় সিটি করপোরেশনের বাইরে ১৬ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬ হাজার ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৩২ জন।
এ বছরের আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এডিস মশার বিস্তার বাড়ছে। ফলে ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা চোখের পেছনে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত দুই বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ২০২৫ সালে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন। তার আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের।
ভিওডি বাংলা/জা








মন্তব্য