ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় মোট ৬৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি সূত্র জানায়, নগরীর বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, পরোয়ানাভুক্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া উত্তরা বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, ওয়াড়ী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, রমনা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৯ জন এবং লালবাগ বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশও পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪৮ কেজির বেশি গাঁজা, ৫ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেন্সিডিল এবং মাদক সেবনের সরঞ্জাম। এছাড়া দেশীয় অস্ত্র হিসেবে একটি চাপাতি, একটি চাকু ও একটি রশি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানে ২৪টি মোবাইল ফোন, দু’টি ভিকটিম, প্যাথেডিন ইনজেকশন এবং বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণীও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭৫ কেজি লেবু ও একটি মেমো জব্দের তথ্যও জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য