চকবাজারে পলিথিন কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি পলিথিন কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আরেকটি প্লাস্টিক কারখানার মালিককে ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাবুবাজার ও পোস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি র্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে পোস্তা এলাকার একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একই এলাকায় পরিচালিত আরেকটি কারখানার মালিককে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।
র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, ভেজাল পণ্য, জালিয়াতি, নকল ওষুধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এসব অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য