ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ডিএসসিসির প্রস্তুতি সভা

ঐতিহাসিক ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি, নাগরিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক আয়োজন এবং ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সোমবার (৬ জুলাই) রাজধানীর নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লা নবীসহ স্থানীয় নেতারা।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, চার শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ঢাকা পৌরসভা দেশের নগর প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, নগর প্রশাসনের বিকাশ এবং নাগরিক সেবার ধারাবাহিকতা তুলে ধরা হবে।
সভায় সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং বিভিন্ন আয়োজনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিকমুখী নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে রাজধানী ঢাকার ঐতিহাসিক গুরুত্ব, নগর প্রশাসনের বিকাশ এবং নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য