বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টায় সেনাপ্রধানকে বহনকারী আর্মি এভিয়েশন গ্রুপের একটি হেলিকপ্টার ঝিনাইদহ থেকে রওনা হয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস হেলিপ্যাডে অবতরণ করে।
এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-পটুয়াখালী-ঝিনাইদহ-বগুড়া রুটে ৭ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন ও ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনের অংশ হিসেবে এই সফরে আসেন।
হেলিপ্যাডে অবতরণের পর দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত সেনাপ্রধান শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি এলাকায় ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজের বিরতি নেন এবং সেখানে জোহরের নামাজ আদায় করেন। এরপর বিকেল ৩টার পর সেনাপ্রধান হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে শিবগঞ্জ ত্যাগ করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, বুধবার দুপুরে সেনাপ্রধান এসেছিলেন। তাদের কার্যক্রম পরিদর্শন করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে বিকেল ৩টায় রওনা হয়েছেন।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রেস সচিব আতিক রহমান জানান, শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অযত্নে পড়ে থাকা হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। সংস্কারকৃত এই হেলিপ্যাডে প্রথম যাত্রী হিসেবে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এদিন দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিবগঞ্জে আসার পর তার হেলিকপ্টারটি এই হেলিপ্যাডে অবতরণ করে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা স্থানটি আবার কার্যকরভাবে ব্যবহারের ঐতিহাসিক সূচনা হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জে দীর্ঘদিন ধরেই এই হেলিপ্যাডের স্থানটি নির্ধারিত থাকলেও বছরের পর বছর তা চরম অবহেলায় পড়ে ছিল। ইতোপূর্বে এটি সংস্কারের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। অবশেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হেলিপ্যাডটি দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হয়।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য