দুই ম্যাচ নিষিদ্ধ কুয়ানসাহ, বিপাকে ইংল্যান্ড

মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার খেসারত দিতে হচ্ছে ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহকে। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং দল সেমিফাইনালে উঠলে সেই ম্যাচেও খেলতে পারবেন না এই ডিফেন্ডার।
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ার পর বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের বিরুদ্ধে দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না ইংল্যান্ড। দল শেষ চারে জায়গা করে নিলেও সেমিফাইনালেও মাঠের বাইরে থাকতে হবে কুয়ানসাহকে।
তার অনুপস্থিতিতে রাইট ব্যাক পজিশন নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টাচেল। কারণ, দলের একমাত্র স্বীকৃত রাইট ব্যাক এবং চেলসির অধিনায়ক রিস জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সর্বশেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি।
রিস জেমসের অনুপস্থিতিতে ডেয়ে স্পেন্স ও জারেল কুয়ানসাহকে রাইট ব্যাকের দায়িত্ব দেওয়া হলেও দুজনই এই পজিশনে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি।
এদিকে, বুধবারের অনুশীলনে অংশ না নেওয়ায় নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও রিস জেমসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের শেষ আধাঘণ্টায় বাধ্য হয়ে এজরি কোনসাকে রাইট ব্যাক হিসেবে খেলাতে হয়েছিল ইংল্যান্ডকে।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা ফিফা বিতর্কিতভাবে স্থগিত করার পর কুয়ানসাহর নিষেধাজ্ঞার বিরুদ্ধেও আপিলের সম্ভাব্য পথ খুঁজছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
মেক্সিকো সিটিতে জয় পাওয়ার পর ইংল্যান্ড কোচ থমাস টাচেল বলেন, "এটা কোথা থেকে শুরু হলো, আর কোথায় গিয়ে শেষ হবে? আমরা কি এখন নিষেধাজ্ঞা বাতিল করতে পারি, নাকি পারি না? আসলে কী হচ্ছে? সীমারেখাটা কোথায় টানা হবে, এটাই আমার প্রশ্ন।"
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য