• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চিরসবুজ নায়িকা পূর্নিমার জন্মদিন আজ

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সময় সবার জন্য সমান গতিতে বয়ে গেলেও, পূর্ণিমার ক্ষেত্রে যেন তার ব্যতিক্রম। বছরের পর বছর পেরিয়ে গেলেও সৌন্দর্য, ব্যক্তিত্ব আর প্রাণবন্ত উপস্থিতিতে তিনি আজও সমান মোহময়ী। তাই নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের মুখে একই কথা—‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না!’

জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন আজ (১১ জুলাই)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ ৪৪ বছর পূর্ণ করে ৪৫ বছরে পা রাখলেন এই তারকা।

মাত্র ১৫ বছর বয়সেই চলচ্চিত্র জীবন শুরু হয় তার। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতেই দেখা গেছে তাকে।

বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও প্রশংসিত হয়েছেন পূর্ণিমা। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সফল এই অভিনেত্রী।

দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনও দর্শকদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পূর্ণিমা। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই চিরসবুজ অভিনেত্রী।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাহ্নবীর হাতের মেহেদিতে প্রেমিকের ডাকনাম
ছবি: সংগৃহীত
ঢাকায় আসছেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহিত
মুক্তি পাচ্ছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’