ওমান ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার হামলা-পাল্টা হামলার মধ্যেই ওমান ও জর্ডানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।
জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রোববার ভোরে ইরানের দিক থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র দেশটির বিভিন্ন স্থানে আঘাত হানে। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি সীমিত ছিল এবং কেবল সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
অন্যদিকে ওমান নিউজ এজেন্সি এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, দেশটির মুসানদাম গভর্নরেটের কয়েকটি স্থাপনা ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
মুসানদাম গভর্নরেট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মুখে অবস্থিত। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে ইরানি বাহিনী ওমান ও জর্ডানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তবে ওমান ও জর্ডানের সরকারি বিবৃতিতে হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী করা হয়নি। এদিকে অঞ্চলজুড়ে চলমান সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: সিএনএন
ভিওডি বাংলা/জা








মন্তব্য