প্রধানমন্ত্রীর নির্দেশনায় লামায় বন্যার্তদের পাশে ছাত্রদল

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নামে ছাত্রদল।
রোববার (১২ জুলাই) বান্দরবানের লামা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয়।
ছাত্রদল ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন। বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে তারা দিনভর বিভিন্ন এলাকায় কাজ করেন।
ত্রাণ বিতরণকালে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে লামা উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্রদলের এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য