৯৯৯-এ ফোন, জাল পাসপোর্টসহ গ্রেপ্তার ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টা ৫৩ মিনিটে ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে তেঁতুলিয়া থানার রণচন্ডী ইসলামপুর এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট থাকার তথ্য দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তেঁতুলিয়া থানাকে জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে।
তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সাদিকুল (১৯)। তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শফিকুল।
অভিযানে সাদিকুলের কাছ থেকে ১৩টি জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে। এসব পাসপোর্ট কোথায় তৈরি হয়েছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য