২০২০ সালের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে চীন হস্তক্ষেপের চেষ্টা করেছিল। এ সংক্রান্ত কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, প্রকাশিত তথ্য থেকে নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা, বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ তথ্য দীর্ঘদিন গোপন রাখার বিষয়টি উঠে আসবে।
ট্রাম্পের দাবি, চীন অবৈধভাবে মার্কিন ভোটারদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণের যন্ত্র হ্যাক করা সম্ভব বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, চীনা সরকার ট্রাম্পবিরোধী প্রতিবেদন প্রকাশকারী কিছু মার্কিন সাংবাদিককে আরও নেতিবাচক প্রতিবেদন প্রকাশে উৎসাহিত করার চেষ্টা করেছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।
অন্যদিকে নির্বাচনী বিশেষজ্ঞ ও আইনপ্রণেতারা সতর্ক করে বলেছেন, অবমুক্ত গোয়েন্দা তথ্য জনমত বিভ্রান্ত করতে ব্যবহার করা হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছিল, চীন ২০২০ সালের নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের চেষ্টা করেনি। যদিও একটি সংখ্যালঘু মতামতে ট্রাম্পবিরোধী জনমত তৈরির সীমিত প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছিল।
ভিওডি বাংলা/আ








মন্তব্য