বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই ওই কারখানার শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় আগুন লাগে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ঝালাইয়ের কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য