ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে জমকালো সংগীতানুষ্ঠানের আয়োজন থাকলেও ম্যাচের সময়সূচিতে বড় কোনো পরিবর্তন আনছে না ফিফা। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের বিশেষ পরিবেশনা থাকলেও স্পেন ও আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াইয়ের হাফটাইম বাড়ানো হয়েছে মাত্র দুই মিনিট।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনালের বিরতি হবে মোট ১৭ মিনিট। প্রচলিত ১৫ মিনিটের হাফটাইমের সঙ্গে অতিরিক্ত যোগ হচ্ছে মাত্র দুই মিনিট।
ইতোমধ্যে এ সিদ্ধান্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফিফা। পরিকল্পনা অনুযায়ী, বিরতির ১১ মিনিটজুড়ে দর্শকদের জন্য থাকবে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের বিশেষ সংগীত পরিবেশনা।
বাকি সময়ের মধ্যে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজ শেষ করা হবে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসকে খেলার উপযোগী করে তোলা হবে। ফিফার লক্ষ্য, বিনোদন আয়োজনের কারণে ম্যাচের নির্ধারিত সময়সূচিতে যেন কোনো উল্লেখযোগ্য প্রভাব না পড়ে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, একাধিক বিশ্বখ্যাত শিল্পীর অংশগ্রহণের কারণে ফাইনালের হাফটাইম আধা ঘণ্টা বা তারও বেশি হতে পারে। তবে সেই জল্পনা নাকচ করে ফিফা জানিয়েছে, ম্যাচের সময়সূচি প্রায় অপরিবর্তিতই থাকছে।
মেটলাইফ স্টেডিয়ামের মাঠের অবস্থা নিয়েও আলোচনা ছিল। আগের কয়েকটি ম্যাচে মাঠ তুলনামূলক শুষ্ক থাকায় বলের গতি কমে যাওয়ার অভিযোগ ওঠে। ফাইনালের আগে স্পেন শিবিরও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সে কারণে বিরতির একটি অংশ মাঠে পানি দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে খেলার মান বজায় থাকে।
এদিকে গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে ফাইনালেও রাখা হয়েছে হাইড্রেশন ব্রেক। আগের ম্যাচগুলোর মতো দুই অর্ধে একটি করে মোট দুটি বিরতিতে খেলোয়াড়রা পানি পান ও স্বস্তি নেওয়ার সুযোগ পাবেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য