দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার

পারিবারিক বিরোধের জেরে নরসিংদীতে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে মাধবদী থানায় মামলা দায়ের হলে আসামিকে গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
এর আগে, ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওকে কেন্দ্র করে গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লতা বেগমকে। এছাড়া তার স্বামী কাউছার আহমেদ এবং বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়।
ঘটনার পর লতা বেগম আত্মগোপনে চলে যান। তবে এর আগেই তার স্বামী ও বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য