• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মতিঝিলে ‘শ্যুটার’ বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের একটি মামলার তদন্তে অভিযানে তানিম রেজা ওরফে ‘শ্যুটার’ বাপ্পিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি কুড়াল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির মতিঝিল বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই সকালে মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তানিম রেজা ওরফে বাপ্পিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭) ও মো. মানিক কাজীকে (৫০) গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় একই দিন দুপুরে উত্তর কমলাপুর এলাকা থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজনকে (৩৫) আটক করা হয়।

মতিঝিল বিভাগ জানায়, গত মে মাসে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদার ব্যবসায়ীর কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে ওই ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হওয়ার পর তদন্তে বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই দিবাগত রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির ব্যবহৃত একটি অফিসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মতিঝিল থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, তানিম রেজা ওরফে বাপ্পি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহনকারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদক-সংক্রান্ত অভিযোগসহ মোট সাতটি মামলা রয়েছে।

মতিঝিল বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
সংস্কৃতিসেবীরা কোনো দলের নয়, দেশের সম্পদ: ডিএসসিসি প্রশাসক
আবদুস সালাম
আবদুস সালাম ‘জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় যাত্রাবাড়ীর প্রতিরোধ’
চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিএনপি নেতা
চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিএনপি নেতা