{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইউএনও বদলির খবরে নাগেশ্বরীতে মিষ্টি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেনের বদলির খবর ছড়িয়ে পড়ার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা ও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। এ সময় তারা ইউএনওর বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অসম্মানসহ বিভিন্ন অভিযোগ তোলেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কয়েকজন জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানানো হলেও তাদের বসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও এইচ এম খোদাদাদ হোসেনকে ফরিদপুরের চার্জ অফিসার, জোনাল সেটেলমেন্ট অফিসে বদলি করা হয়। প্রজ্ঞাপনটি উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষর করেন। রোববার বদলির বিষয়টি এলাকায় জানাজানি হলে মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা।

জাতীয় যুবশক্তির নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির মুখ্য সংগঠক মোবাশ্বের মীম অভিযোগ করে বলেন, ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তিনি নিয়মিত অফিস সময় পূর্ণ না করায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, “১৬ জুলাই জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হলেও সেখানে গিয়ে আমরা অসম্মানিত হয়েছি। আমাদের বসতে দেওয়া হয়নি।”

এ ঘটনায় সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির স্বাদও নিজের ফেসবুক পোস্টে প্রশাসনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত অফিসে উপস্থিত না থাকা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ জিআরের ৩০ মেট্রিক টন চাল বিতরণে বিলম্বসহ বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ইউএনও এইচ এম খোদাদাদ হোসেনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজ দলের প্রশংসা করলেন স্কালোনি
ছবি: সংগৃহীত
মেসি নয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি
ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস